আব্দুল জাহির মিয়া: চুনারুঘাটে বন বিভাগের বিশেষ অভিযানে একটি ‘স’ মিল থেকে বিভিন্ন প্রজাতির ১৬ টুকরা অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে উপজেলার আমতলী (দেওরগাছ) এলাকার একটি ‘স’ মিলে কালেঙ্গা বনের বিট অফিসার আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক, চুনারুঘাট, হবিগঞ্জ-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেগুন, আকাশমনি এবং মেহগনি গাছের মোট ১৬ টুকরা গোল কাঠ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৪.৭৪ ঘনফুট।
অবৈধভাবে প্রক্রিয়াজাত বা মজুত করার অভিযোগে কাঠগুলো জব্দ করার পর চুনারুঘাট সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত কাঠের বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।


