চুনারুঘাট প্রতিনিধি: সারাদেশে একযোগে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আসরের উদ্বোধন করেন।
জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে একই সময়ে দেশের বিভিন্ন উপজেলার মতো চুনারুঘাটেও আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। চুনারুঘাট উপজেলা অডিটোরিয়ামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন স্থানীয় অংশগ্রহণকারীরা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগী শিক্ষার্থীরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা।
এবারের দ্বিতীয় আসরে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, সাঁতার, ভলিবল, মার্শাল আর্ট ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে চুনারুঘাটের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।


