বিশেষ কলাম:- মফস্বল এলাকার শহর কিংবা বাজারকেন্দ্রিক রাজনীতিতে প্রায়ই হাতেগোনা চার-পাঁচটি প্রভাবশালী পরিবারের আধিপত্য গড়ে উঠতে দেখা যায়। এসব পরিবারের প্রভাবশালী হয়ে ওঠার পেছনে থাকে পেশিশক্তি, অবৈধ অর্থের প্রভাব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধাপ্পাবাজি, চাপাবাজি, জমি দখলসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ।
মুষ্টিমেয় এসব পরিবারই চায়, একটি অঞ্চলের শহর, বাজার ও ব্যবসা-বাণিজ্য তাদের নিয়ন্ত্রণে থাকবে। এলাকার প্রাকৃতিক সম্পদ—বালু, গাছপালা, মাটি কিংবা অন্যান্য সম্পদের ওপরও থাকবে তাদের একচ্ছত্র আধিপত্য। বিভিন্ন প্রতিষ্ঠান, পদ-পদবি, এমনকি চাকরির ক্ষেত্রেও তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ সবসময় তাদের সালাম করবে, সমীহ করবে, তোষামোদ করবে। তাদের দয়া ও করুণার ওপর নির্ভর করেই বেঁচে থাকবে। অর্থাৎ, তারা হবে একমাত্র মুনিব, আর সাধারণ মানুষ যেন তাদের অনুগত প্রজা কিংবা গোলাম!
কিন্তু যখন একাধিক প্রভাবশালী পরিবারের লক্ষ্য ও স্বার্থ একই হয়, তখনই শুরু হয় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা। কে নিয়ন্ত্রণ করবে শহর, কে দখলে রাখবে বাজার, কার প্রভাব থাকবে ব্যবসা-বাণিজ্যে কিংবা কে নিয়ন্ত্রণ করবে এলাকার সম্পদ—এসব প্রশ্নকে কেন্দ্র করেই তাদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি হয়। কখনো সেই দ্বন্দ্ব রূপ নেয় দক্ষিণপাড়া বনাম উত্তরপাড়া, আবার কখনো পশ্চিমপাড়া বনাম পূর্বপাড়ার লড়াইয়ে।
নিজেদের প্রভাব ও পেশিশক্তি দিয়ে যখন সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রশাসনিক প্রভাব কাজে লাগানোর উদ্দেশ্যে রাজনৈতিক দলের আশ্রয় নেয়। মজার বিষয় হলো, এসব ক্ষেত্রে অনেকের দল নির্বাচন আদর্শ, নীতি কিংবা জনকল্যাণের ভিত্তিতে হয় না; বরং ব্যক্তিগত স্বার্থ, আধিপত্য বিস্তার এবং নিজেদের নিয়ন্ত্রণ ও ভোগের ক্ষেত্র সম্প্রসারণই হয়ে ওঠে প্রধান উদ্দেশ্য।
কেউ বেছে নেয় কলাগাছ দল, কেউ আমড়াগাছ দল, আবার কেউ বেলগাছ দল। তাদের রাজনৈতিক অবস্থান অনেকটা এমন—অমুক যদি ‘ক’ দলে যায়, তাহলে আমি যাব ‘খ’ দলে। অর্থাৎ, রাজনৈতিক আদর্শের চেয়ে প্রতিপক্ষের বিপরীত অবস্থান নেওয়াই যেন তাদের কাছে মুখ্য।
কিছু ক্ষেত্রে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে বাহ্যিকভাবে যতই বিরোধ, সংঘাত কিংবা রাজনৈতিক বৈরিতা থাকুক না কেন, সাধারণ মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, সরকারি সুযোগ-সুবিধা ও স্থানীয় সম্পদের নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বার্থ রক্ষার প্রশ্নে তাদের স্বার্থ অনেক সময় একই বিন্দুতে এসে মিলে যায়।
অন্যদিকে, গ্রামের সহজ-সরল সাধারণ মানুষ এসব পরিবারের পছন্দের কোনো একটি রাজনৈতিক দলের অনুসারী হয়ে যায়। একসময় আদর্শিক রাজনীতির পরিবর্তে তারা অজান্তেই শহরকেন্দ্রিক পরিবারতন্ত্রের আনুগত্যে আবদ্ধ হয়ে পড়ে। রাজনীতির নামে শুরু হয় ব্যক্তির বন্দনা, পরিবারের গোলামি আর স্বার্থের পাহারাদারি।
মোটকথা, মফস্বলের অনেক স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের আড়ালে থাকে একটি অঞ্চলের সরকারি সুযোগ-সুবিধা, প্রাকৃতিক সম্পদ, ব্যবসা-বাণিজ্য ও প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিযোগিতা। অথচ সাধারণ মানুষ এসব ক্ষমতা ও আধিপত্যের লড়াইকেই রাজনীতি মনে করে।
প্রশ্ন হলো, রাজনীতি কি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, নাকি কয়েকটি পরিবারের আধিপত্য টিকিয়ে রাখার হাতিয়ার?
একটি অঞ্চলের রাজনীতি কি কখনো পরিবারতন্ত্রের বলয় থেকে বেরিয়ে সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণের রাজনীতিতে ফিরে আসবে?



