চুনারুঘাট সদর মসজিদের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের দাবি

বিশেষ প্রতিনিধি: চুনারুঘাট পৌরসভার সদর জামে মসজিদের সামনের ফুটপাত দখল করে বসানো দোকানগুলো উচ্ছেদের দাবি উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি মসজিদের সামনের ফুটপাতে বসানো ৪-৫টি দোকান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের মতে, এসব দোকানের কারণে মসজিদের সামনে সব সময় হইচই ও ভিড় লেগে থাকে। এতে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও গাম্ভীর্য ব্যাহত হচ্ছে।

এ ছাড়া মসজিদের নিচতলায় ভাড়ায় পরিচালিত দোকানগুলোর ব্যবসাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সামনের অংশে অতিরিক্ত ভিড় ও হট্টগোলের কারণে ক্রেতারা এসব দোকানে আসতে আগ্রহ হারাতে পারেন। ফলে একই মসজিদের জায়গায় ভাড়া দিয়ে ব্যবসা করা দোকানিদের সঙ্গে একধরনের বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। নামাজ পড়তে এসে অনেকেই সাইকেল রাখার জায়গা পান না। দোকান ও মানুষের ভিড় ঠেলে মসজিদে প্রবেশ করতেও তাঁদের ধাক্কাধাক্কির মুখে পড়তে হয়। অথচ মুসল্লিরা মসজিদে এসে স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেন।

এ ছাড়া দোকানি ও ক্রেতাদের অতিরিক্ত উপস্থিতির কারণে মসজিদের স্যানিটেশনসহ আনুষঙ্গিক ব্যবস্থাপনার ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকে।

এ অবস্থায় চুনারুঘাট সদর মসজিদ কমিটির প্রতি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, মসজিদের পবিত্রতা, মুসল্লিদের স্বাচ্ছন্দ্য এবং মসজিদের নিচতলার ভাড়াটিয়া ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ফুটপাতের দোকানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।