আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৬ জুন) শুক্রবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের এনটিসি কোম্পানী বাংলোতে এ সভার আয়োজন করা হয়।
চন্ডিছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সভাপতিত্বে ও আদিবাসী সমাজ কল্যান সংস্থার সভাপতি পলাশ হাজং এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-র চেয়ারম্যান,পিকেএসএফ এর পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ,সৈয়দ শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গনমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন। তারা বলেন, চা বাগানে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরও জানান, তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে এবং চা বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে খুব শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজন করা হবে।
এ সময় এনটিসি পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।



