বিশেষ প্রতিনিধি: প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মৃতিকে ধারণ করে তরুণদের প্রাণের উচ্ছ্বাস, ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি আর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত মেগা ফাইনাল।
বুধবার (১৮ নভেম্বর) চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী ও স্থানীয় দর্শক। খেলাকে ঘিরে তরুণদের উচ্ছ্বাস ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন পায় ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু। বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিণী শাহনুর খান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা উপস্থিত থেকে ফাইনাল খেলার আনন্দ ভাগাভাগি করেন।
একটি টুর্নামেন্ট আয়োজনের গণ্ডি পেরিয়ে এই আয়োজন প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পৃষ্ঠপোষকতা করেন আক্তার সাজু ও আজাদ তালুকদার। আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আয়োজক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকী, নবিউর রহমান বাপ্পু, মিজানুর রহমান উজ্জ্বল, সোহাগ, শুভ ও ইমনসহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করা এবং চুনারুঘাটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও একটি সুন্দর উদ্যোগ হয়ে থাকবে এই টুর্নামেন্ট।



