শিক্ষা

চুনারুঘাটে দারুন নাশাত ইসলামিক স্কুলের ‘ড্রিম অ্যান্ড ড্রেসআপ’ সৃজনশীলতায় অনন্য

চুনারুঘাটে দারুন নাশাত ইসলামিক স্কুলের ‘ড্রিম অ্যান্ড ড্রেসআপ’ সৃজনশীলতায় অনন্য

মোঃ তোফাজ্জল মিয়া : শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন ও সম্ভাবনার কথা তুলে ধরতে চুনারুঘাটে দারুন নাশাত ইসলামিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ড্রিম অ্যান্ড ড্রেসআপ-২০২৬’ অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা চিকিৎসক, শিক্ষক, বিচারক, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, প্রকৌশলী, পাইলট, আলেম, কবি ও কৃষকসহ বিভিন্ন পেশার মানুষের সাজে সেজে নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য তুলে ধরে।

এ সময় শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজিতে বক্তব্য দেয়। তাদের সুন্দর উপস্থাপনা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজের স্বপ্ন প্রকাশ করা, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের সুযোগ পায়। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও দেশ-সমাজের জন্য কাজ করার আগ্রহ তৈরি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁরা এ আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন উদ্যোগকে স্বাগত জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো এবং নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।