নিউজ ডেস্ক : চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় মাদকবিরোধী ও অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন পানছড়ি গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (১৯) এবং আব্দুল মন্নাফের ছেলে মো. পনির মিয়া (২১)।
স্থানীয়দের অভিযোগ, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন। পরে তারা নিজেদের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো. শাকিল মিয়াকে এক বছরের কারাদণ্ড এবং মো. পনির মিয়াকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে একই অভিযানের অংশ হিসেবে পানছড়ি এলাকায় রিসোর্ট-সংলগ্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার সব এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।



