বাল্লা সীমান্তে ভারতে পালানোর চেষ্টাকালে একাধিক মামলার আসামি আটক

স্টাফ রিপোর্টারঃ  চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলার আসামি সুবল চন্দ্র সরকারকে (৪১) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর থানার কামাল বাজার ডাকঘরের মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে।
বিজিবি জানায়, ৫৫ বিজিবির বাল্লা বিওপির একটি টহল দল বাল্লা আইসিপি এলাকায় দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদ পায় যে, সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাটের নদীরপাড় দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করেন। এ সময় সুবল চন্দ্র সরকারকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও অন্ধকারের সুযোগে তার ৩ সহযোগী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিআর মামলা নং ৭৩৩/২৫-এর আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। একাধিক মামলার গ্রেফতার এড়াতেই তিনি গোপনে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক ৩ সহযোগীর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— চুনারুঘাট থানার টেকেরঘাট (কাটানীপাড়) গ্রামের আব্দুল খালেকের ছেলে জমরুত মিয়া (৪৬), একই থানার টেকেরঘাট চৌমুহনী গ্রামের মো. বাশার মিয়ার ছেলে মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর থানার ছাতিয়াইন গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে পরিমল সরকার (৩৬)।
এ ঘটনায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা (নং-২০, তারিখ ১৯ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনার পাশাপাশি অবৈধ পারাপারে সহায়তাকারী দালালচক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় সন্দেহজনক কাউকে দেখলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।