চুনারুঘাট পৌর প্রতিনিধি: চুনারুঘাট সদর জামে মসজিদের সামনে বর্জ্য পড়ে থাকা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়েছে চুনারুঘাট পৌর কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে মসজিদের সামনের বর্জ্য ও ডাস্টবিন অপসারণ করা হয়।
বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন চুনারুঘাটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও চুনারুঘাট প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক তোফাজ্জল মিয়া। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
পরে পৌরসভার অ্যাকাউন্টস অফিসার মোহাম্মদ লিয়াকত আলী ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর তত্ত্বাবধানে সদর জামে মসজিদের সামনের ডাস্টবিনগুলো অপসারণ করা হয়।
এ ছাড়া সেখানে তরল বর্জ্য ফেলা ব্যক্তিদের রাতের মধ্যেই স্থানটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তোফাজ্জল মিয়া তাঁর ফেসবুক পোস্টে বলেন, সদর জামে মসজিদের সামনে বর্জ্য নিয়ে একটি লেখা প্রকাশ করেছিলেন তিনি। ওই লেখার প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় চুনারুঘাট পৌর কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
জনস্বার্থে প্রকাশিত একটি লেখার প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনদুর্ভোগের বিষয়গুলোতে এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।


