চুনারুঘাট উপজেলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চুনারুঘাট পৌরসভার বাল্লা রোড এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল। নাজমুল ইসলাম বকুলের পিতার নাম মৃত হাজী আবুল হোসেন (আকল হোসেন)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৪ আগস্ট চুনারুঘাট থানায় দায়ের করা এফআইআর নং-২৬ এবং জিআর নং-১৯৯-এর একটি মামলায় নাজমুল ইসলাম বকুলকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ১০ ও ১২ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এদিকে, নাজমুল ইসলাম বকুলের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কেউ কেউ দাবি করেছেন, নাজমুল ইসলাম বকুল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁরা তাঁর অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন। তবে এসব দাবি ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাজমুল ইসলাম বকুলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।