চুনারুঘাটে ইসলামি আন্দোলনের পৌর-কমিটি গঠন, নতুন নেতৃত্বে যারা

মোঃ তোফাজ্জল মিয়া : চুনারুঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে হাফেজ ইঞ্জিনিয়ার হুমায়ুন কবীরকে সভাপতি, শেখ মুহিবুল হাসান রুবেলকে সেক্রেটারি এবং মোঃ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) চুনারুঘাট প্রেসক্লাবে ভাবগম্ভীর পরিবেশে ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর শাখার সাবেক সেক্রেটারি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়্যব আল হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ বাছির আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক সরদার।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে ইসলামী নীতি ও আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের শেষ পর্বে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।