বিশেষ প্রতিনিধি: চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে কী অপরাধে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী কামরুল হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এ সিদ্ধান্ত দেন।
বহিষ্কারের বিষয়ে কামরুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো আমি বুঝতে পারতেছি না, আসলে আমার অপরাধ কী। ত্যাগীরা হয়তো এভাবেই হেরে যায়!
২০২৪ সালের জুলাই আন্দোলনে কামরুল হাসানের সাহসী ভূমিকা ছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তাঁর বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর চুনারুঘাট ছাত্রদলের অনেক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁদের অনেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তবে ঠিক কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।


