চুনারুঘাটে খুশি বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা, অভিযানে মিলল নষ্ট পণ্য

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট মধ্যবাজারে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ‘খুশি বেকারি’তে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা এবং নষ্ট মোরব্বা ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বেকারিটির ব্রেড, কেক, দইসহ বিভিন্ন পণ্যে মেয়াদের তথ্য উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। পাশাপাশি ঘি, নাট ফ্লেভার ও ফুড কালারসহ বিভিন্ন উপকরণে মেয়াদ লেখা না থাকা এবং নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহারের অনিয়মও শনাক্ত করা হয়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। একই সঙ্গে অনিয়মগুলো দ্রুত সংশোধন করে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।