বিশেষ প্রতিনিধি: চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কলেজ ছাত্রদলের কর্মীরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চুনারুঘাট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বহিষ্কারাদেশকে ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘চুনারুঘাট সরকারি কলেজের অন্যতম যুগ্ম আহ্বায়ক কামরুল হোসেনকে ষড়যন্ত্রমূলক বহিষ্কারের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল।’ এতে আয়োজক হিসেবে উল্লেখ করা হয় চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদল।
এর আগে গত ২৫ অক্টোবর হবিগঞ্জ জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামরুল হাসানকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এ সিদ্ধান্ত দেন।
তবে কী ধরনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে কামরুল হাসানও জানিয়েছিলেন, তিনি নিজের অপরাধ সম্পর্কে স্পষ্ট নন।
এদিকে কামরুলের বহিষ্কার ও তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। বিভিন্ন ব্যক্তি নিজেদের মতামত তুলে ধরছেন। কেউ কেউ বহিষ্কারাদেশের কারণ স্পষ্ট করার দাবি জানাচ্ছেন, আবার অনেকে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন।


