চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩:০০ ঘটিকা হতে ৫:৩০ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ও সহকারী কমিশনার ভুমি তৌফিক আনোয়ার।
অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার ৫টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীদের ভূমি বিষয়ক নানা প্রাথমিক ধারণা ও সচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভূমি সংক্রান্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং মুক্ত আলোচনায় তাদের নানাবিধ জিজ্ঞাসার সমাধান করা হয়।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রাখা সেরা ১০ জন বিজয়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
উপস্থিত শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটরিয়াম মুখরিত হয়ে ওঠে এবং অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত আইন-কানুন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের শিক্ষণীয় ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।


