চুনারুঘাটে ক্ষেতের বেড়া থেকে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার

.
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে স্থানীয় এক কৃষকের চারা ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
আজ ৯ নভেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে গাদিশাল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি প্যাঁচ লেগে আটকে যায়। এ সময় বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত এলাকার লোকজনকে জানান।
খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু তাৎক্ষণিকভাবে বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে হবিগঞ্জ বনবিভাগের রেঞ্জার মাহমুদ হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে সাপটি উদ্ধার করেন।
এদিকে লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে একনজর সাপটিকে দেখার জন্য শত শত গ্রামবাসী ভিড় জমান।
উদ্ধারকৃত অজগরটিকে পরবর্তীতে চুনারুঘাটের বিখ্যাত সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করার কথা রয়েছে।