ডেস্ক: মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা। নাগরিক সেবার পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া এলাকার বাসিন্দা মরহুম শাহজাহানের মরদেহ পৌরসভার গাড়িতে সম্পূর্ণ বিনা খরচে তাঁর গ্রামের বাড়ি পীরেরগাঁওয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
জানা যায়, চুনারুঘাট পৌরসভা প্রায়ই মানবিক বিবেচনায় বিনা খরচে পৌরসভার গাড়ির মাধ্যমে মরদেহ বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকে। এমন উদ্যোগ মৃত ব্যক্তির পরিবারের কঠিন সময়ে কিছুটা হলেও সহায়তা ও স্বস্তি এনে দিচ্ছে।
পৌরসভার এ ধরনের মানবিক কার্যক্রম চুনারুঘাটের সর্বস্তরের মানুষের কাছে ইতিবাচকভাবে প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পৌর এলাকার আপামর জনসাধারণ এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
নাগরিক সেবা শুধু রাস্তাঘাট, অবকাঠামো কিংবা পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চুনারুঘাট পৌরসভার এমন উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।



