চুনারুঘাট প্রতিনিধি: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টি ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনারুঘাট পৌর শহরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তিনটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
মিছিল থেকে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের স্বাভাবিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও নানা ষড়যন্ত্রের পর দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন। এমন পরিস্থিতিতে কোনো গোষ্ঠী বা সংগঠন যেন রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।



