স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জুলাইয়ের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তোফাজ্জল মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাশরাফি মাহি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মীর সাহেব আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল করিম, বিশিষ্ট সমাজসেবক নুরুল কালাম আজাদ, আইটি বিশেষজ্ঞ মুজিবুর রহমান রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মুহিব আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথকে আরও সুদৃঢ় করেছে। এ আন্দোলন দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়ে ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। শহীদ ও আহতদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের এই আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।


