৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি

মোঃ তোফাজ্জল | ৪ এপ্রিল ২০২৬: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ১২০টি ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেতা নাজমুল ইসলাম অন্তু তিনি বলেন, “গাছ বাঁচলে বাঁচবে প্রাণ”— এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য শুধু চারা বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস তৈরি করা। তারা যেন শখের বসে নয়, বরং দায়িত্ববোধ থেকে গাছ রোপণ করে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং ক্যাম্পাসে সবুজ পরিবেশ গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন নিয়মিত হলে ক্যাম্পাসে সবুজায়ন যেমন বাড়বে, তেমনি পরিবেশ সচেতনতা গড়ে উঠবে।
আয়োজকরা জানান, এটি একটি চলমান কার্যক্রম এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সবুজায়ন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।