কলেজ প্রতিনিধি: চুনারুঘাট সরকারি কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, অধিকার ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংগঠনিকভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরার ক্ষেত্রে সমন্বিত নেতৃত্বের ঘাটতি রয়েছে। সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমেও ছাত্র সংসদের অনুপস্থিতির প্রভাব পড়ছে বলে মনে করেন তারা।
শিক্ষার্থীদের কয়েকজন জানান, ছাত্র সংসদ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সেই চর্চা থেকে দূরে থাকছেন।
তাদের দাবি, কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
কলেজের শিক্ষার্থীদের প্রত্যাশা, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পরিবেশ আরও শক্তিশালী হবে।


