চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে জুলাই সনদের আলোকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার (১ আগস্ট) বাদ আছর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে চুনারুঘাট উপজেলা জামে মসজিদের সামন থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে মধ্যবাজারে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মো. ফুয়াদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ শামসুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই উবায়েদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, এই সরকার গণভোটের রায় বাস্তবায়ন করবে বলে প্রতিজ্ঞা করলেও এখন টালবাহানা শুরু করেছে। সরকারকে অবশ্যই জুলাই সনদের আলোকে গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা দাবি করেন-আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে বিলম্ব হলে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জনগণকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।


