চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার আছানপুর মৌজায় সরকারি খাস জমি ও রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিজ্ঞ এডিএম কোর্টের ৬৮৭/২০২৫ (চুনাঃ) নম্বর মামলার আদেশের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আছানপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত আরএস ২০০ নম্বর দাগের ১৫ শতক জমির ওপর থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত বাঁশের বেড়া, পাকা দেয়াল, টিনের ঘর, টিনের রান্নাঘর ও অবৈধ খুঁটিসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে সংশ্লিষ্ট স্থানে গিয়ে অবৈধ স্থাপনা ও রাস্তার প্রতিবন্ধকতা নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই নির্দেশনা প্রতিপালন না করায় আদালতের আদেশ অনুযায়ী পুনরায় অভিযান চালিয়ে প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
এ সময় সরকারি খাস জমিতে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তা কিংবা জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনসম্মত নয়। সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


