চুনারুঘাট প্রতিনিধি: আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চুনারুঘাটের মুখ উজ্জ্বল করেছেন তাসনিম আক্তার। দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী তাসনিম চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (AUW) পড়াশোনার জন্য প্রায় ৫৮ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি অর্জন করেছেন।
তাসনিম বর্তমানে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে তাঁর বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় তাসনিম প্রতিবছর ১১ হাজার মার্কিন ডলার করে পাওয়ার কথা রয়েছে। তাঁর উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে এ বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ক্লদিং অ্যান্ড টেক্সটাইল বিষয়ে ভর্তি হন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রস্তুতি নেন। তাঁর সেই প্রচেষ্টার ফল হিসেবে ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষাবৃত্তিসহ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পান।
তাসনিমের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য চুনারুঘাটের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাসনিম আক্তারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।


