স্টাফ রিপোর্টার: চা শ্রমিক ইউনিয়ন বি-৭৭ এর আসন্ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চা বাগানগুলোতে বইছে নির্বাচনী হাওয়া।
এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা চূড়ান্ত করতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন চা শ্রমিকদের পরিচিত মুখ ও জনপ্রিয় নেতা নিপেন পাল।
আজ ৯ নভেম্বর (সোমবার) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন নিকট তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।
নিপেন পাল তার প্যানেলের শীর্ষস্থানীয় নেতা-কর্মী এবং বিভিন্ন চা বাগানের নিবেদিতপ্রাণ শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তিনি নির্বাচনী বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলার ইউএনও জিয়াউর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় নিপেন পালের সাথে প্যানেলের অন্যান্য পদপ্রার্থী এবং চা শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ চা শ্রমিক ও সমর্থকরা স্লোগানে স্লোগানে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপেন পাল বলেন, “চা শ্রমিক ভাই-বোনদের দীর্ঘদিনের না পাওয়ার বেদনা এবং তাদের ঘামঝরা পরিশ্রমের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্থায়ী আবাসন, মানসম্মত শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা ভূমি অধিকার, মজুরি বৈষম্য দূরীকরণে আমি এবং আমার প্যানেল সর্বদা সোচ্চার থাকবে।
তিনি আরও বলেন “চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুধু একটি প্যানেলের জয়-পরাজয় নয়, এটি লাখো চা শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লড়াই। আমি বিশ্বাস করি, শ্রীমঙ্গলসহ সকল চা বাগানের শ্রমিক ভাই-বোনেরা সঠিক ও সৎ নেতৃত্ব বেছে নিতে ভুল করবেন না।
নিপেন পালের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার,হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের চা বাগানগুলোতে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চা শ্রমিকদের মাঝে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন তাদের আগামীদিনের কাণ্ডারি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং চা বাগানের চা-স্টলগুলোতে নির্বাচনী আলোচনা ততই জমে উঠছে।


