চুনারুঘাট উপজেলা

চুনারুঘাটে বান্নি পার্ক বন্ধের দাবি, আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে ক্ষোভ

চুনারুঘাটে বান্নি পার্ক বন্ধের দাবি, আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে ক্ষোভ Screenshot

নিউজ ডেস্ক:বিতর্কিত পার্কটি স্থায়ীভাবে বন্ধের দাবি এলাকাবাসীর, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বান্নি পার্ককে ঘিরে নতুন করে বিতর্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি পার্কটির ভেতরের কিছু আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পার্কটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। উদ্ভূত পরিস্থিতিতে পার্কটি বন্ধের দাবি জোরালো হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, বিনোদনের উদ্দেশ্যে গড়ে ওঠা একটি পার্ক কোনোভাবেই সামাজিক মূল্যবোধ ও সুস্থ পরিবেশের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত হতে পারে না। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওগুলো জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। এ অবস্থায় পার্কটির বর্তমান পরিবেশ ও কার্যক্রম নিয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি।

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক নজরদারি নয়, বান্নি পার্কের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। তারা মনে করেন, পার্কটি চালু থাকলে ভবিষ্যতেও এ ধরনের বিতর্ক ও সামাজিক অস্থিরতার আশঙ্কা থেকে যায়। তাই জনস্বার্থ ও সামাজিক পরিবেশ রক্ষায় প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট থানা পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে পার্কটির মালিকানা, পরিচালনা পদ্ধতি, অনুমোদন এবং সেখানে সংঘটিত কর্মকাণ্ডের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তাদের বক্তব্য, তদন্তে অনিয়ম কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে পার্কটি স্থায়ীভাবে বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।

চুনারুঘাটবাসীর প্রত্যাশা, জনমতের প্রতি গুরুত্ব দিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। সামাজিক পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় বান্নি পার্কের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনকে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।