স্টাফ রিপোর্টারঃ গতকাল ২০/০৬/২৬ তারিখ শনিবার নালমুখ বাজার সংলগ্ন স্থানে বিকাল ৪.২০ ঘটিকায় অনুমতি ব্যতীত মাটি উত্তোলন ও পরিবহনের জন্য আলী সায়েদ নামক এক ব্যক্তিকে ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়াও, সেখানে থাকা অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।
পরবর্তীতে, দারাগাঁও টি এস্টেট সংলগ্ন দারাগাঁও গ্রামে একটি ছড়া থেকে অবৈধ মেশিন ব্যবহার করে বালু উত্তোলন হচ্ছে মর্মে অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জানা যায় শনিবার আনুমানিক ৬.৪০ ঘটিকায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানো মাত্র দেখা যায় বালু উত্তোলনের মেশিন ও পাইপ গুছিয়ে এক ব্যক্তি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তিনি ছড়ার ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে যান। পরবর্তীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত সে মেশিন ও কিছু পাইপ বিনষ্ট করা হয়। এছাড়াও মেশিন ও পাইপ পরিবহনে ব্যবহৃত টমটম গাড়ি ও আনুমানিক ১০০ ফুট পাইপ জব্দ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা সর্বদা অব্যাহত থাকবে।



