স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডীছড়া মাজার এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে একটি বিষধর শঙ্খিনী সাপের দেখা মিলেছে।
রাতে সড়কের পাশে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। পরে এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, চন্ডীছড়া মাজার এলাকা ও পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশে বিভিন্ন সময় নানা ধরনের বন্যপ্রাণীর দেখা মেলে। বনাঞ্চল ও চা-বাগানঘেরা এ এলাকায় বন্যপ্রাণীর চলাচলও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সড়ক ও বন্যপ্রাণীর আবাসস্থল পাশাপাশি হওয়ায় চলাচলের সময় বিভিন্ন প্রাণী সড়কে উঠে আসতে পারে। বিশেষ করে রাতে যানবাহনের চাপ ও অতিরিক্ত গতি বন্যপ্রাণীর জন্য ঝুঁকি তৈরি করে।
বন্যপ্রাণী রক্ষায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের এসব এলাকায় যানবাহনের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
একই সঙ্গে সড়কে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা বিরক্ত না করে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


